খায়রুল করিম পাপন, নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভাতগ্রাম কে.আর.এস ইনস্টিটিউশন মাঠে টুর্নামেন্টের চূড়ান্ত ভাতগ্রাম ইউনিয়ন ফাইনাল পর্যায়ের খেলায় বালক বিভাগে কুইচতারা এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জয় করেছে। দিনের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচটি ছিল বালক বিভাগের ফাইনাল। কুইচতারা এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার লড়াইটি নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হয়। পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইবেকারে। স্নায়ুক্ষয়ী সেই লড়াইয়ে ১-০ গোলে বাগজানকে হারিয়ে ভাতগ্রাম ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুইচতারা এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিভাগে রানারআপ হওয়ার সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালেও আধিপত্য দেখিয়েছে বাগজান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে দুর্ভাগ্যবশত বাগজানের বালিকা দল চ্যাম্পিয়ন হলেও তাদের অপর বালক দল রানারআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে। ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব মো. হারুন অর রশিদ। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. বজলুর রহমান বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ভাতগ্রাম ক্লাস্টার) জনাব শর্মিষ্ঠা রানী মজুমদার, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব মো. জুয়েল সিদ্দিকী গোলাপ এবং সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল আলীম সিকদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইঞ্জি: ফারুক হোসেন সম্রাট, আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. জাকির হোসেন এবং ভাতগ্রাম কে.আর.এস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন দেওয়ান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল ও মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সহিনুর রহমান খান, নির্বাহী সম্পাদক সেলিম আল মামুন, শিক্ষক নেতা মোঃ আজিজুর রহমান, দেওয়ান মোঃ নাসির উদ্দিন, ডি এম শামীম সুমন, মোঃ উসমান গনি, মোঃ বজলুর রহমান প্রমুখ।
ভাতগ্রাম ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল উৎসব দেখতে সকাল থেকেই স্থানীয় ক্রীড়ামোদী মানুষের ঢল নামে। খেলা শেষে বিজয়ীদের হাতে গোল্ড কাপ ও মেডেল তুলে দেন প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।