মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে কৌশলে বিভ্রান্তি সৃষ্টি করে বিকাশের দোকান থেকে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টা ৩৭ মিনিট থেকে ১০টা ৪২ মিনিটের মধ্যে কলেজ রোডের পুরাতন শহীদ মিনার সংলগ্ন সিটিসেল কাস্টমার কেয়ারে এ ঘটনা ঘটে।
দোকান মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় এক ব্যক্তি দোকানে এসে ৫০ টাকার রিচার্জ কার্ড চান। ওই সময় আরও একজন ব্যক্তি দোকানে প্রবেশ করেন। তিনি দোকানের মেঝেতে কয়েকটি রিচার্জ কার্ড পড়ে থাকতে দেখে সেগুলো কার—এমন প্রশ্ন করেন।
একপর্যায়ে মেঝেতে পড়ে থাকা কার্ডগুলো দেখার জন্য দোকান মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিচু হয়ে ঝুঁকে পড়েন। এ সুযোগে প্রতারক চক্রের সদস্যরা ক্যাশে থাকা নগদ দেড় লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন বলে অভিযোগ করেন দোকান মালিক।
জাকির হোসেন বলেন, পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে। পরে ক্যাশে টাকা না থাকার বিষয়টি বুঝতে পেরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রতারকদের গ্রেপ্তার ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।