মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্র হিমেল হত্যাচেষ্টা মামলায় মাসুদ রানা নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন না বলে জানা গেছে।
সোমবার (১৩ মে) দিনগত রাত ৩টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাসুদ রানা উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেলতৈল গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
প্রসঙ্গত, জুলাই আন্দোলন চলাকালীন গত বছরের ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই আন্দোলনে অংশ নেন গোড়াই লালবাড়ি এলাকার স্কুলছাত্র হিমেল। সংঘর্ষ চলাকালে ছররাগুলিতে হিমেল দুই চোখের দৃষ্টিশক্তি হারান। এঘটনায় হিমেলের মা নাছিমা বেগম ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের কথা উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব বলেন, গ্রেপ্তারকৃত এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।