মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
নিকটাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়তে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। যিনি টানা তিনবার মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাসুদ পাটওয়ারী’র কাছে পদত্যাগপত্র জমা দেন মীর এনায়েত হোসেন মন্টু। এর আগে তিনি গত ২৩ নভেম্বর সহকারী রিটানিং কর্মকর্তা ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রসঙ্গত, বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি স্বতন্ত্র প্রার্র্থী হিসেবে নির্বাচন করবেন বলে সম্প্রতি ঘোষণা দেন। গতকাল খান আহমেদ শুভ দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি।
মীর এনায়েত হোসেন মন্টু বলেন, তৃণমূলের মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। এছাড়া গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম ৫ বার। এরপর টানা তিনবার উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে আছি। টাঙ্গাইল-৭ আসনের মানুষ এবার পরিবর্তন চায়। এ কারণে এমপি পদে নির্বাচন করবো। এসময় তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।