1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মালেক মুস্তাকিম’র একগুচ্ছ কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মালেক মুস্তাকিম’র একগুচ্ছ কবিতা

  • আপডেট টাইম : Tuesday, June 2, 2020
  • 1406 বার
Untitled eiwncndb

মালেক মুস্তাকিম এই সময়ের একজন তরুণ কবি। উদীয়মান কবি হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। কবিতার নিজস্ব ভাষা ও ভঙ্গি দিয়ে পাঠকের হৃদয় জয় করে নিয়েছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ভুলের ভূগোল’ পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়। পরবর্তীতে ‘বিষন্নতাবিরোধী চুম্বনগুলি’ ও তোমার সাথে হাঁটে আমার ছায়া’ কাব্যগ্রন্থ দুটিও পাঠককে নাড়া দেয়।
ভাবনা ও ভাষার সুতীব্র সংঘাতে জীবন উপলব্দীর জটিলতা মালেক মুস্তাকিম’র কবিতার বিষয়বস্তু। দারুণ ঝরঝরে লেখনি। পড়তে ভাল লাগে। পাঠককে টেনে রাখে। একটু কান পাতলেই তার কবিতায় পাওয়া যায় আধুনিক সময়ের সুর, যাপিত জীবনের অন্তরালে চেনা অচেনার দ্বন্দ্বে ঘুরপাক খাওয়া অন্য জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর মালেক মুস্তাকিম পেশায় একজন সরকারি চাকুরে। নেশা তার লেখালেখি। কবিতার সাথে আজন্ম ঘরসংসার।

কোয়ারেন্টিন

একদিন তুমি ঠিকই জেনে যাবে, করোনা বলে কিছু নেই
যেমন মানুষ জেনে গেছে- জীবন বলে কিছুই নেই;
কেবল মৃত্যুর ভেতরে বেঁচে থাকা কিংবা বেঁচে থাকার ভেতরে মৃত্যু
ছায়াহীন এক অলৌকিক রোদের মধ্যে বসবাস;
অথচ সূর্য জানে না সে খবর।

জোছনা মরে গেছে সেই কবে
তবু আজো সে-ই দেখায় জীবনের লোভ।

যেদিন তুমি চলে গেছো,
সেদিন থেকেই আমার শ্বাসকষ্ট, বুকে ব্যথা, স্বাদ ও গন্ধহীনতা,
কোয়ারেন্টিন কিংবা মৃত্যু;
সেদিন থেকেই আমার করোনা, আমাকে ছুঁয়ো না।

আমি এক নিঃসঙ্গ হাওয়া কিংবা নক্ষত্রের ভেতরে বেড়ে ওঠা
অসামাজিক মেঘ।

লকডাউনের দিনরাত্রি

এই করোনাকালে কাকে বলি, আসো, কাকে বলি, যাও।

বুকের পাঁজর থেকে নিঃশব্দে নেমে গেছে উষ্ণতার সিঁড়ি
দরজা থেকে সরে গেছে চৌকাঠ, পায়ের জুতো,
আঙুলের ছাপ, নিদ্রারাত, ঘুমের মৌসুম..

অস্থিরতার করাতকলে কেটে গেছে সঙ্গমের ফিতে
নতজানু পড়ে আছে আলিঙ্গনের ঘরদোর, শুন্য ভিটে।

কাঁটাতারে আঁটকে গেছে প্রার্থনার পাথর, ভরাজোছনা
স্মৃতির ধূলিকণা চোখে নিয়ে লকডাউনে বসে আছি।

এই দুর্দিনে কাকে বলি, যাও, কাকে বলি, আসো।

এই করোনার দিনে

এই করোনার দিনে বিপুল আবেগে বাড়ে দীর্ঘশ্বাস
এই করোনার দিনে স্নেহের পাঁজরে বাঁচে স্থির বিশ্বাস।

এই করোনার দিনে ভুলে যাই বিরহ-বেদনা-ভুল
এই করোনার দিনে কুড়াই অস্থিরতার সুগন্ধি ফুল।

এই করোনার দিনে আঙুলে আঙুলে ভুল বোঝাবুঝি
এই করোনার দিনে তুমুল প্রার্থনায় তোমাকে খুঁজি।

এই করোনার দিনে বারবার তোমার ভেতরে পালাই
এই করোনার দিনে নিরন্তর নিজেই নিজেকে জ্বালাই।

এই করোনার দিনে বুকের ভেতর গুছিয়ে রাখি প্রিয় পথ
এই করোনার দিনে নবায়ন হোক আমাদের গোপন শপথ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com