মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। হাজার বছরের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ পাওয়ার এই দিনটি জাতীয় জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ বিজয় অর্জন করে।
দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালেই থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ ‘অর্জনে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তারেক আজিজ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক এস. এম. মহসিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।