মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘জনগণের ক্ষতি হয় এমন কোন কাজ বিএনপির কাউকে করতে দেয়া হবেনা।’ যারা এমন কাজ করবে বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
রবিবার (১লা জুন) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। দিনটি উপলক্ষে তারা ১ হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বিকেলে ১ হাজার মানুষকে বস্ত্র বিতরণ করার কর্মসূচী হাতে নিয়েছে।
বক্তব্যকালে তিনি আরও বলেন, ৭১রে পরিবারের মায়া ত্যাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন। ৭৫ পরবর্তী সময়ে দেশের দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যে দুর্ভিক্ষের দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাদের সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।