মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা নবমী উপলক্ষে আজ (বুধবার) বিকেল ৫টায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
পরিদর্শনে যান—শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।
কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছালে অতিথিদের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান। তারা কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা, রণদা প্রসাদ সাহার বাড়িতে স্থাপিত ঐতিহ্যবাহী মন্দির ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে শারমিন এস মুরশিদ বলেন, “আমাদের প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি হচ্ছে আমার সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি। এটি রক্ষা করা ও বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। এই অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যাপারে অত্যন্ত সুদৃঢ়।”
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, পরিচালক (অপারেশন) অনিমেষ ভৌমিক, কুমুদিনী ট্রাস্টের পরিচালক মহাবীর পতি প্রমুখ।