ছড়াপুর
ঝিলমিল চাঁদতারা আকাশের গায়
খিলখিল হাসে খুকি, হাঁটে পায় পায়।
কিলবিল মাছ-ব্যাঙ সাঁতরায় জলে
পিলপিল পিপীলিকা দলবেঁধে চলে।
টুপটাপ বৃষ্টিতে ভেজে সারা গাঁও
চুপচাপ ডানাভেজা শালিকের ছাও।
কলকল গান গেয়ে বয়ে চলে নদী
ছলছল ঝরনারা নাচে নিরবধি।
ঘ্যাঁচঘ্যাঁচ কাটে কাঠ করাতের কল
ক্যাঁচম্যাচ করে রোজ বানরের দল।
মিউমিউ গান করে বিড়ালের ছানা
পিউপিউ পাপিয়ারা ডাকে একটানা।
ঝিকঝিক ট্রেন চলে, যায় দূরদেশ
টিকটিক ঘড়ি বাজে, বেলা হয় শেষ।
ফিসফিস চাপা স্বরে কানকথা হয়
হিসহিস করে সাপ, মনে জাগে ভয়।
ঢকঢক গিলি জল মগ ভরে ভরে
ঠকঠক কেঁপে উঠি শীত কিবা জ্বরে।
চকচক বালুচর নদীবুকে জাগে
ঝকমক করে ওঠে যেই রোদ লাগে।
কচকচ কাঁচা আম খেতে মজা ঢের
মচমচ খই-মুড়ি প্রিয় অনেকের।
চপচপ ঠোঁট নড়ে কথায় কথায়
গপগপ খাই খানা, পেট যত চায়।
শনশন বাতাসেরা বনজুড়ে ছোটে
ঝনঝন তালপাতা বেজে বেজে ওঠে।
চারপাশে কত রূপ, ছন্দ ও সুর
পৃথিবীটা মনে হয় মহাছড়াপুর।
Leave a Reply