মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক সময়ে ফেসবুক মঞ্চে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা আবার পরক্ষণেই বিলুপ্তি এমন উত্তেজনাকর পরিস্থিতির পর অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।
শনিবার (৮ই জুলাই) ছাত্রলীগের কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। এর আগে ৭জুলাই সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে, আগামী তিন মাসের জন্য সেতাব মাহমুদকে আহবায়ক, শেখ আব্দুল্লাহ আল ফাহাদ, ওয়াকিল আহমেদ, শাফি আহমেদ সীমান্ত, মারুফ রহমান, জিহাদ হাসান, শুভ আহমেদ, মো. ফয়সাল সিকদারসহ ৭জনকে যুগ্ম-আহবায়ক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া আগামী এক বছরের জন্য শামীম ওসমান শিশিরকে সভাপতি ও আতিকুল ইসলাম আতিককে সাধারণ সম্পাদক করে মির্জাপুর পৌর ছাত্রলীগ এবং শাহরিয়া নাহিদকে সভাপতি ও মো. সায়মন ইসলাম ইফতিকে সাধারণ সম্পাদক করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্রলীগ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কিন্তু নবগঠিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক শুভ আহমেদ বিবাহিত হয়েও নিয়ম বহির্ভূতভাবে পদ পেয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে মুঠোফোনে শুভ আহমেদের কাছে জানতে চাইলে তিনি প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়ে সাক্ষাতে কথা বলবেন বলে ফোন রেখে দেন। তবে গত ৪ জুলাই তিনি বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন তার বিয়ে সম্পাদনকারী কাজী আসাদুজ্জামান মজনু।
উল্লেখ্য যে, গত ১৮ই জুন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাদ্দাম-সিয়াম কমিটি বিলুপ্ত ঘোষণা করে সেতাব মাহমুদকে আহবায়ক ও ৫ জনকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কিন্তু এর ৪ ঘন্টা পর ঘোষণাকৃত আহবায়ক কমিটি গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ না হওয়ার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই আহবায়ক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বলেন, নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবন বৃত্তান্ত আহবান করার পর আমরা প্রত্যেকের বিষয়ে যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করেছি। তারপরও কেউ যদি বিয়ের তথ্য গোপন করে কমিটিতে জায়গা পেয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।