মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক মামলায় স্ত্রী গ্রেপ্তারের চতুর্থদিন হত্যা মামলায় গ্রেপ্তার হলেন তার স্বামী। গ্রেপ্তার হওয়া ওই দম্পতির একজন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক সেলিম সিকদার এবং অপরজন তার স্ত্রী রুবি আক্তার।
রবিবার ( ১লা জুন) রাত ৮টার দিকে একটি হত্যা মামলার আসামি হিসেবে মির্জাপুর বাজার এলাকায় অবস্থিত সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে সেলিম সিকদারকে এবং গত ২৮ মে তার স্ত্রী রুবি আক্তারকে ৭০ পিস ইয়াবা ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সেলিম সিকদার পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামের সাবেক সেনা সদস্য কফিল উদ্দিনের সন্তান। এছাড়া তিনি মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে ইমন নামের এক কলেজ ছাত্র নিহত হন। পরে ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৫৭ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা ফাঁড়ি ইনচার্জ গিয়াস উদ্দিন (পিপিএম) বলেন, সেলিম সিকদারকে ইমন হত্যা মামলায় গ্রেপ্তারের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।