স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানসূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই শিশু শিক্ষার্থী। শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের ৬৮নং বরটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কৃতি ছাত্রী মিস জ্যোতি আক্তার ও ১৫নং মুশুরিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র মো. ফাহাদ হোসেন।
গত বছর ৬জুন মাসে উপজেলা পর্যায়ে, ২১জুন জেলা পর্যায়ে, আগস্টে ঢাকা অঞ্চলে, ২৭ অক্টোবর জাতীয় পর্যায়ে এবং সর্বশেষ চলতি বছর ১০ জানুয়ারি জাতীয় পর্যায়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে তারা এই কৃতিত্ব অর্জন করে।
জ্যোতি খান তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয়। সে বর্তমানে উপজেলার সিয়াম একাডেমির ষষ্ঠ শেণির ছাত্রী। বাবা জাহাঙ্গীর খান পেশায় একজন ব্যবসায়ী হলেও মা গৃহিনী। বাড়ি উপজেলার বরটিয়া গ্রামে।
অপরদিকে ফাহাদ উপজেলার কুর্ণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে। তার বাড়ি উপজেলার মুশুরিয়াঘোনা গ্রামে। পিতার নাম বাবুল মিয়া। বাবা পেশায় একজন কৃষক, মা গৃহিনী। ৮জুন প্রকাশিত জাতীয় পর্যায়ের সর্বোচ্চ এ পুরস্কার ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় নিয়মিত অনুশীলনে এ সাফল্য এসেছে বলে মনে করেন তাদের বাবা-মা।
বরটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান জুয়েল জানান, মির্জাপুর উপজেলায় জ্যোতি খান ও ফাহাদ নামে দুইজন শিক্ষার্থী শাপলা অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেছে। জ্যোতি তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তিনি বলেন,‘ কাব স্কাউট নৈতিক শিক্ষা দেয়। তাঁরা এই নৈতিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করেছে। আমি তাদের মঙ্গল কামনা করি’।
ইতিপূর্বে জ্যোতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪.৭৯ ও ফাহাদ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়া তাঁরা কবিতা আবৃতি, ছবি আঁকা, সুন্দর হাতের লেখা ও নাচ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। তাঁরা বড় হয়ে প্রশাসনিক ক্যাডার হতে চায়।
জ্যোতি ও ফাহাদ শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. আবদুল মালেক, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার ও মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কাব লিডার জসিম উদ্দিন এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান ও সাধারন সম্পাদক আল মামুন খান তাদের অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply