মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে জলবায়ু পরিবর্তন ফান্ডের অর্থায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডে সৌর বিদ্যুৎ প্যানেলের মাধ্যমে ১১২টি লাইট স্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার ( ২৪ শে জুন) মির্জাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পোষ্টকামুরী চরপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় সৌর বিদ্যুৎ চালিত লাইট স্থাপন করে একাজের উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল খান, আলী আজম সিদ্দিকী, শামীম খান, তাপস সাহা, দুলাল মিঞা, আনোয়ার হোসেন, সুমন হক, আফসানা আক্তার। এছাড়া স্থানীয় আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিকদার, যুবলীগ সদস্য সুজন খান, সাবেক সদস্য কাইয়ুম খান, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন খান, কালাম খান, কাইয়ুম খান প্রমুখ।
সহকারি প্রকৌশলী মনজুর হোসেন ও উপ সহকারি প্রকৌশলী বাবুল হোসেন বলেন, গ্রীণ হাউজ গ্যাস নিঃস্বরন কমানোর লক্ষ্যে মির্জাপুর পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের অধীনে এই ল্যাম্পপোস্টগুলো স্থাপন করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা।
মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার বলেন, মির্জাপুর পৌরসভাকে একটি সর্বাধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করছি। সামনের দিনগুলোতে এই চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন ইতোমধ্যে বিভিন্ন রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য খাতে তেইশ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন পোষ্টকামুরী চরপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্বাস আলী খান। সেসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহব্বত খান।
Leave a Reply