মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত ৭৮ বস্তা (২,৯১২ কেজি) চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী কাঁচা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রথমে বাজারে বস্তা পরিবর্তনের সময় ৫৪ বস্তা (২,১৯২ কেজি) চাল জব্দ করা হয়। পরে নিমাই চন্দ্র দাসের গোডাউনের তালা ভেঙে আরও ২৪ বস্তা চাল (৭২০ কেজি) উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপকারভোগীরা ডিলারের কাছ থেকে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল সংগ্রহের পর বাজারের ব্যবসায়ী তানভীর ও মঞ্জুর কাছে বেশি দামে বিক্রি করে। পরে ওই চাল বাজারে বস্তা পরিবর্তনের সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে প্রশাসনকে খবর দেয়।
জব্দকৃত চালের সঙ্গে সংশ্লিষ্টরা হলেন—তানভীর মিয়া (পিতা: শাহীন মিয়া, গ্রাম: জামুর্কী, মির্জাপুর)
নিমাই চন্দ্র দাস (পিতা: মৃত লক্ষণ চন্দ্র দাস, গ্রাম: জামুর্কী)
মনজু মিয়া (পিতা: মকবুল হোসেন, গ্রাম: কামান্না, দেলদুয়ার)
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন— “খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত চাল অসহায়দের জন্য। কেউ বেআইনিভাবে কিনে মজুত করলে তা জব্দ করা হবে। মজুদকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তারেক আজিজ, মির্জাপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম, উপজেলারখাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,মির্জাপুর থানার এসআই প্রদীপ, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এ. মতিনসহ সেনা সদস্য,পুলিশ সদস্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনতা।