স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল কৃতিত্বের সহিত ডক্টর অব ফিলোসফি (পি এইচ ডি) ডিগ্রী অর্জন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে তিনি এ ডিগ্রী লাভ করেন। প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম-এর তত্ত্বাবধানে জীব প্রযুক্তি ব্যবহার করে গমের ভীতিকর ব্লাস্ট রোগ দমনে তিনি দীর্ঘ গবেষণা শেষে এ সাফল্য অর্জন করেন। পি এইচ ডি কোর্সে অধ্যয়নরত সময়ে যুক্তরাজ্যের The Sainsbury Laboratory -তে গবেষণার অভিজ্ঞতাসহ আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে তার দশের অধিক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। সঞ্জয় কুমার পাল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শিংগাড়িয়া গ্রামে ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বোর্ড হতে এসএসসি এবং এইচএসসি পাসের পর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে কৃষি বিষয়ে স্নাতক এবং জীব প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। সঞ্জয় কুমার পাল ৩০ তম বিসিএস কৃষি ক্যাডারের একজন কর্মকর্তা। তার সহধর্মীনি হৈমন্তী পাল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর এফএমপিএইচটি বিভাগে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সঞ্জয় কুমার পাল এক পুত্র সম্পদ পাল সাম্য এবং এক কন্যা সুমেধা পাল- এর গর্বিত পিতা।