মির্জাপুর প্রতিদিন ডেস্ক
আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে টাঙ্গাইলের মির্জাপুরে জমিসহ পাকা ঘর পাচ্ছেন ভূমিহীন ৩০ পরিবার।
এর আগে জমিসহ পাকা ঘর পেয়েছেন ৩৩৭ পরিবার। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর উদ্বোধন করবেন। এ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছেন।
সকাল সারে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান জানান, মুজিব বর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে আজ বৃহস্পতিবার জমিসহ পাকা ঘর পাচ্ছেন ৩০ গৃহহীন পরিবার। প্রতিটি ঘরের জন্য নির্মান ব্যয় হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা। নলকুপের পানি, টিউওবয়েল ও বিদ্যুৎ ব্যবস্থাসহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য।
আশ্রয় কেন্দ্রে ঠাই পাওয়া আছমা খাতুন, কমলা বেগমসসহ অনেকেই বলেন, একটি ঘরের অভাবে রোদ-বৃষ্টি ও ঝড়-তুফানের মধ্যে অনেক কষ্ট করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলাম। আমাদের অসহায় পরিবারের খোঁজ খবর কেউ রাখেননি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন। জমি, পাকা ঘর তৈরী করে দিয়েছেন। জমিতে সবজি রোপন করেছি। আমাদের সন্তানেরা পড়ালেখা করছে। সারা জীবন আমরা তাদের কাছে ঋণী। এখন আর আমাদের কষ্ট করতে হবে না।
এ ব্যাপারে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠুভাবে ঘরগুলো বন্টন করে দিয়েছেন। বর্তমান সরকার ও জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি আশ্রয়হীন পরিবারকে বসবাসের জন্য ঘর নির্মান করে দেবেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, স্থানীয় এমপি মহোদয়ের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শে ভূমিহীনদের তালিকা প্রনয়ন করে আশ্রয়ন কেন্দ্রে তাদের জমিসহ পাকাঘর নির্মান করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও গৃহহীন পরিবারের তালিকা সংগ্রহ করে তাদের বিনামুল্যে জমিসহ পাকা ঘর উপহার দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পে যারা জমিসহ পাকা ঘর পাচ্ছেন এগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।