মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে উদ্বোধনের অপেক্ষায় ৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘর।
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগান ধারণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ‘ উপলক্ষে মির্জাপুরে গৃহহীন ও ভূমিহীন ২৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪০টি ঘরের শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজ দ্রুত চলছে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.আবদুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এরমধ্যে সরকারের ২৩৭ টি এবং স্থানীয় এমপি, সরকারের একজন সচিব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দিবেন ৫টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে ২ টি বেড রোম, একটি কিচেন, একটি ইউটিলিটি রোম একটি টয়লেট ও একটি বারান্দা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ মির্জাপুর উপজেলায় ২৩৭টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। ইতিমধ্যে ৪০টি ঘরের কাজ ড্রয়ি়ং ও ডিজাইন অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ তারিখে ঘর গুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। বাকি ঘর গুলোর কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের মতো মির্জাপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীনদের পুনর্বাসনে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, ভিক্ষুক এবং ষাটোর্ধ প্রবীণ হতদরিদ্ররা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন।
Leave a Reply