মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকালে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহনাজ বেগম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক এস এম মহসিন, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরি, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আজম মৃধাসহ উপজেলা প্রশাসন, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।