হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বানিয়ারা ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫ ফাইনাল খেলা বানিয়ারা এসএস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সুপার ওভারে উপজেলার উপুল্কি গ্রামের ব্রাদারহুড বটতলা ক্লাব ১১ রানে ডোকলাহাটি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকেলে ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে ফ্রিজ ও রানরআপ দলের হাতে টিভি পুরস্কার তুলে দেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, , জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, বিএনপি নেতা খন্দকার রাজিউল মতিন ধ্রæব প্রমুখ। এর আগে দুপুরে খেলার উদ্বোধন করেন সাউদান অ্যাপারেলস হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইলিয়াস হোসেন।
খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ডোকলাহাটি একাদশ ১৩৮ রান করে সবাই আউট হয়ে যান। জবাবে ১৩৯ তারা করতে গিয়ে ব্রাদারহুড ১৩৮ রানে অলআউট হলে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ব্রাদারহুডের ২৩ টার্গেটে ডোকলাহাটি ১২ রান করতে সক্ষম হয়। খেলায় জেলার ১৬টি দল অংশ গ্রহণ করে।