মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (১৬ জুলাই) বিকেলে এই প্রতারণার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতারিত হওয়া বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। ঘটনার পরদিন মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
প্রতারণার শিকার হওয়া বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম বলেন, গত রবিবার বিকেলে একটি মোবাইল নাম্বার থেকে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে আমার নামে সরকারি ২ লক্ষ ৯৫ হাজার টাকার একটি অনুদানের চেক এসেছে জানিয়ে দ্রুত মির্জাপুর সোনালী ব্যাংকে যোগাযোগ করতে বলেন এবং ব্যাংক ম্যানেজারের নাম্বার দেন। আমি ব্যাংক ম্যানেজারকে ফোন দিলে তিনি বলেন যে, সময়মতো যোগাযোগ না করায় আপনার নামে আসা চেকটি আমরা ফেরত পাঠাচ্ছি। তবে আপনি চাইলে ৭২ হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে দিলে চেকটি রেখে দেওয়া সম্ভব হবে। তিনি আমাকে মোবাইল ব্যাংকিং নাম্বারে ওই টাকা পাঠাতে বললে আমি বিশ্বাস করে ওই টাকাটা পাঠিয়ে দেই। কিন্তু এর পরপরই নাম্বারগুলো বন্ধ পাই এবং খোঁজ নিয়ে বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি।
তিনি বলেন, প্রতারকদের কথায় কোন কিছু বোঝার সুযোগ ছিলোনা। আমি চাই প্রশাসন কর্মকর্তাদের নামে যারা এই প্রতারণা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, ঘটনাটি আমি ভুক্তভোগীর মুখ থেকে শুনেছি। তাকে আইনগতভাবে সহায়তা করার পদক্ষেপ নিয়েছি। তবে সবার উচিত আরও সচেতন হওয়া। কেউ এধরনের প্রতারণার চেষ্টা করলে দ্রুত প্রশাসনকে অবগত করার পরামর্শও দেন তিনি।